বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

প্রান্তিক মানুষের হাসি ফোটাতে কাজ করছে ‘আমার হাসি ফাউন্ডেশন’প্রতিষ্ঠাতা দম্পতি

প্রান্তিক মানুষের হাসি ফোটাতে কাজ করছে ‘আমার হাসি ফাউন্ডেশন’প্রতিষ্ঠাতা দম্পতি
বিস্তারিত লিংক কমেন্টস
Google পছন্দে যোগ করুন

প্রান্তিক মানুষের হাসি ফোটাতে কাজ করছে ‘আমার হাসি ফাউন্ডেশন’প্রতিষ্ঠাতা দম্পতি

সুজানগর উপজেলা প্রতিনিধি :খন্দকার মো মনিরুজ্জামান

শিশুদের শিক্ষা ও পুষ্টি নিশ্চিত করা, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা সম্প্রসারণে দেশের বিভিন্ন প্রান্তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ‘আমার হাসি ফাউন্ডেশন’ (Amar Hashi Foundation)।

পাবনা জেলার সুজানগর উপজেলার আমিনপুর থানার দম্পতি শ্রাবন্তী হাসান প্রীতি ও সৈয়দ সাইফুর রহমান শোভনের যৌথ উদ্যোগে পরিচালিত এই সংস্থাটি ইতিমধ্যে মানবিক ও সামাজিক উন্নয়নে ব্যাপক সাড়া ফেলেছে।

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে শুরু করে রাজধানীর রায়েরবাজার, কড়াইল ও কালশীসহ বিভিন্ন বস্তি এলাকা এবং পার্বত্য অঞ্চলে ফাউন্ডেশনটির বহুমুখী কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংস্থার প্রতিষ্ঠাতা শ্রাবন্তী হাসান প্রীতি পেশায় একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও পাবলিক হেলথ রিসার্চার। তাঁর পেশাগত অভিজ্ঞতা ও নেতৃত্বে শিশুদের শিক্ষা, জনস্বাস্থ্য, নারীর অধিকার ও মানসিক বিকাশকে সমন্বিতভাবে গুরুত্ব দিয়ে কাজ করছে সংস্থাটি।

শিশুদের শিক্ষা ও পুষ্টি কার্যক্রম

সুবিধাবঞ্চিত ও বিদ্যালয় থেকে ঝরে পড়ার ঝুঁকিতে থাকা শিশুদের শিক্ষার মূলধারায় রাখতে বিভিন্ন এলাকায় লার্নিং সেন্টার ও ওপেন স্কুল পরিচালনা করছে ‘আমার হাসি ফাউন্ডেশন’। এসব কেন্দ্রে নিয়মিত পাঠদান ও শিক্ষা উপকরণ সরবরাহের পাশাপাশি শিশুদের মানসিক ও সামাজিক বিকাশে বিশেষ যত্ন নেওয়া হয়।

এ ছাড়া শিশুদের পুষ্টি নিশ্চিত করতে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে গত পাঁচ বছর ধরে ‘নিউট্রিশন ফর কিডস’ (Nutrition for Kids) প্রকল্পের মাধ্যমে পুষ্টিকর খাবার বিতরণ ও পুষ্টি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

নারীর স্বাস্থ্য সুরক্ষা ও অর্থনৈতিক ক্ষমতায়ন

কিশোরী ও নারীদের নিরাপদ মাসিক ব্যবস্থাপনা, প্রজননস্বাস্থ্য এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা তৈরির পাশাপাশি এ পর্যন্ত ৪০ হাজারের বেশি স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেছে সংস্থাটি। অন্যদিকে, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ‘স্বাবলম্বী’ (Shabolombi) প্রকল্পের আওতায় সেলাই ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

এ পর্যন্ত ১২০টির বেশি ব্যাচে প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বিশেষ করে বস্তি এলাকার নারীদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণ এবং কর্মসংস্থান তৈরির মাধ্যমে তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে এই উদ্যোগ।

প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা

অর্থনৈতিক ও সামাজিক প্রতিবন্ধকতার কারণে চিকিৎসা বঞ্চিত মানুষদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে রাজধানীর রায়েরবাজার, কড়াইল ও কালশীসহ বিভিন্ন এলাকায় নিয়মিত স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করছে ফাউন্ডেশনটি। এখানে নারী ও শিশু স্বাস্থ্য, মাতৃস্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া রোহিঙ্গা ক্যাম্প ও পার্বত্য অঞ্চলের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি প্রতি বছর শীত মৌসুমে উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন অঞ্চলে অসহায় শিশু, নারী ও পরিবারের মাঝে কম্বল, শীতবস্ত্র এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা পৌঁছে দিচ্ছে ‘আমার হাসি ফাউন্ডেশন’।

শিশুদের শিক্ষার অধিকার, নারীর অর্থনৈতিক স্বাধীনতা এবং প্রান্তিক মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আগামীতেও এই মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেছেন সংস্থার প্রতিষ্ঠাতা দম্পতি।

Link Copied