কোটালিপাড়া সংবাদদাতা হোসেন আলী রানা
রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এ স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মিরাজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফীন। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম শাহজাহান সিরাজ, সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস ও খামারি মানিক মিয়া বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং কর্মসংস্থান সৃষ্টিতে এ খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ ও আধুনিক করতে খামারিদের প্রশিক্ষণ, উন্নত প্রযুক্তির ব্যবহার এবং সরকারি সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টির চাহিদা পূরণ এবং রপ্তানি আয় বৃদ্ধিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ খাতের টেকসই উন্নয়নে সরকার ও খামারিদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, খামারি ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।









