বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

নাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহের উদ্বোধন ও র‍্যালি

নাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহের উদ্বোধন ও র‍্যালি
Google পছন্দে যোগ করুন

অভিজিত শীল, ​নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে কর্মসূচির সূচনা হয়। আগামী ২৮ নভেম্বর পর্যন্ত এই সপ্তাহ পালিত হবে।

​উপজেলা প্রশাসন, প্রাণীসম্পদ দপ্তর ও স্থানীয় খামারিদের অংশগ্রহণে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে উদ্বোধনী ও আলোচনা সভায় মিলিত হয়।

​"রপ্তানিমুখী প্রাণীসম্পদে গড়বো দেশ সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকলিমা আক্তার।

​সভায় স্বাগত বক্তব্য ও প্রাণীসম্পদ খাতের সার্বিক কার্যক্রম তুলে ধরেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আহম্মেদ ইকবাল। প্রাণীসম্পদে ওষুধের যথাযথ প্রয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারহানা নবী।

​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ইয়াকুব আলী এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা।

​সবশেষে সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানেন উপজেলা নির্বাহী অফিসার আকলিমা আক্তার।

Link Copied