শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

প্রজাপতির রঙে রঙিন জাবি ক্যাম্পাস

প্রজাপতির রঙে রঙিন জাবি ক্যাম্পাস
Google পছন্দে যোগ করুন

‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’—প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের এ স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উদ্বোধন করা হয়েছে ১৬তম প্রজাপতি মেলা। বর্ণিল আয়োজন, জীবন্ত প্রজাপতি প্রদর্শনী, বিভিন্ন স্টল, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং নানা পরিবেশবান্ধব কার্যক্রমের মধ্য দিয়ে মেলাটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সকালে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে বেলুন ও জীবন্ত প্রজাপতি উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল ইসলাম। উদ্বোধনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শুরু হয় প্রকৃতি, জীববৈচিত্র্য ও প্রজাপতি সংরক্ষণকে ঘিরে দিনব্যাপী উৎসব।

উদ্বোধন শেষে মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, আয়োজক, অতিথি ও পরিবেশপ্রেমীরা অংশ নেন। বিভিন্ন ব্যানার ও স্লোগানে মুখর র‍্যালিটি মেলার পরিবেশকে আরও উৎসবমুখর করে তোলে।

মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের জন্য বিভিন্ন ধরনের স্টল সাজানো হয়েছে। এসব স্টলে প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য, প্রজাপতি এবং পরিবেশ সংরক্ষণ সংশ্লিষ্ট নানা বিষয় তুলে ধরা হয়। পাশাপাশি দর্শনার্থীদের জন্য জীবন্ত প্রজাপতি দেখার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। বিভিন্ন রঙ ও আকৃতির প্রজাপতির উপস্থিতি মেলায় আগত শিশু-কিশোর ও প্রকৃতিপ্রেমীদের আকৃষ্ট করে।

মেলার অন্যতম আকর্ষণ ছিল শিশু-কিশোরদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা নিজেদের কল্পনা ও সৃজনশীলতার মাধ্যমে প্রজাপতি, প্রকৃতি, গাছপালা ও পরিবেশের নানা চিত্র ফুটিয়ে তোলে। এ আয়োজনের মাধ্যমে শিশুদের মধ্যে প্রকৃতির প্রতি ভালোবাসা, পরিবেশ সচেতনতা ও জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়।

এবার জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাটারফ্লাই অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে অধ্যাপক ড. আইনুন নিশাদকে। পরিবেশ ও জলবায়ু বিষয়ক তাঁর অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়।

মেলায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষা অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলাম, প্রজাপতি মেলার আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন এবং প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নারিন ইসলাম খানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা।

প্রজাপতি মেলাকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন বয়সী মানুষের ব্যাপক সমাগম ঘটে। শিশু, কিশোর, তরুণ, অভিভাবক ও প্রকৃতিপ্রেমীরা মেলার বিভিন্ন আয়োজন উপভোগ করেন। জীবন্ত প্রজাপতি দেখার পাশাপাশি বিভিন্ন স্টল ঘুরে দেখা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা উপভোগ এবং পরিবেশ ও জীববৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পান দর্শনার্থীরা।

প্রজাপতি শুধু প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে না, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও ভূমিকা রাখে। প্রজাপতির আবাসস্থল সংরক্ষণ, বৃক্ষরোপণ, প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিয়মিত প্রজাপতি মেলার আয়োজন প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে মানুষের আগ্রহ বাড়ানোর পাশাপাশি নতুন প্রজন্মকে জীববৈচিত্র্য সম্পর্কে সচেতন করে তুলছে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ মেলা প্রকৃতির প্রতি ভালোবাসা ও পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

Link Copied