শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

সদরপুরের কৃতী সন্তান ফজলুর রহমান পিএসসির সচিব পদে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন

 সদরপুরের কৃতী সন্তান ফজলুর রহমান পিএসসির সচিব পদে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন
Google পছন্দে যোগ করুন

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের নলের টেক গ্রামের কৃতী সন্তান মোঃ ফজলুর রহমান বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের সচিব পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। তাঁর অবসর ও অবসরোত্তর ছুটি (পিআরএল) এবং তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত রেখে সরকার তাঁকে এ নিয়োগ দিয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী মোঃ ফজলুর রহমানকে তাঁর অবসর ও অবসরোত্তর ছুটি এবং তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত রেখে এ নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্ত আরোপ করা হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর তিনি পিএসসি সচিবালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

চলতি বছরের ৩০ জুলাই তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ২০২৫ সালের ১৮ মে থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এবং ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি এশিয়া, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশ সফর করেছেন।

মোঃ ফজলুর রহমান ১৯৬৭ সালের ২৮ নভেম্বর ফরিদপুর জেলার সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বিসিএস (প্রশাসন) ১৮তম ব্যাচের একজন কর্মকর্তা। ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে তাঁর কর্মজীবন শুরু হয়।

শিক্ষাজীবনে তিনি নটর ডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

সদরপুরের এই কৃতী সন্তানের গুরুত্বপূর্ণ পদে চুক্তিভিত্তিক নিয়োগের খবরে এলাকায় আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মনে করছেন, তাঁর এ অর্জন সদরপুরবাসীর জন্য গৌরবের বিষয়।

Link Copied