নরসিংদী মনোহরদী প্রতিনিধি
নরসিংদীর মনোহরদীতে ‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি ও দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে মনোহরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে দুর্যোগ মোকাবিলা, উদ্ধার কার্যক্রম ও অগ্নিনির্বাপণবিষয়ক মহড়া প্রদর্শন করা হয়।
কর্মসূচিতে দুর্যোগের ঝুঁকি হ্রাস, জানমালের ক্ষয়ক্ষতি কমানো এবং দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা ও প্রস্তুতি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সজিব মিয়া, মনোহরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ।