শিবচর উপজেলা প্রতিনিধি
‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় মাদারীপুরের শিবচর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক বিশেষ মহড়ার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টার দিকে শিবচর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির যৌথ উদ্যোগে ঐতিহ্যবাহী নন্দকুমার মডেল ইনস্টিটিউশন মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খরিশ চন্দ্র বোস। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবিদ হাসান, উপজেলা ফায়ার স্টেশনের কর্মকর্তা তপন পাল, উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদ মিয়া, স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক সংগঠনের সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
কর্মসূচীর মূল আকর্ষণ ছিল উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের পরিচালনায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সরাসরি ব্যবহারিক মহড়া। ফায়ার সার্ভিস কর্মীরা শিক্ষার্থীদের প্রদর্শন করে দেখান কীভাবে ভূমিকম্প বা অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে নিরাপদে আশ্রয় নিতে হয়, নিজেকে ও অন্যকে রক্ষা করতে হয় এবং প্রাথমিক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আনা যায়। শিক্ষার্থীরা এ মহড়ায় সক্রিয়ভাবে অংশ নিয়ে দুর্যোগ মোকাবিলার ব্যবহারিক জ্ঞান অর্জন করে এবং ভবিষ্যতে সচেতনতা বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করে।
অনুষ্ঠানের সভাপতি তাঁর বক্তব্যে বলেন, "দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি ও জনসচেতনতাই প্রধান হাতিয়ার। প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও প্রস্তুত থাকতে হবে। সমন্বিত উদ্যোগের মাধ্যমেই একটি দুর্যোগ সহনশীল সমাজ ও দেশ গড়ে তোলা সম্ভব।"
অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে জরুরি যোগাযোগের জন্য উপজেলা ফায়ার সার্ভিস অফিসের ফোন নম্বর এবং দুর্যোগ বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।