রবিবার, ১১ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মেহেন্দিগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ সভা ২৩ পূজামণ্ডপে সিসিটিভি ও সার্বক্ষণিক নজরদারির উদ্যোগ

মোঃ সৌরভ হোসেন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ pm
২৯
মেহেন্দিগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ সভা ২৩ পূজামণ্ডপে সিসিটিভি ও সার্বক্ষণিক নজরদারির উদ্যোগ

বরিশালের মেহেন্দিগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ নির্বিঘ্নে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার ২৩টি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সার্বক্ষণিক নজরদারির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মাল্টিমিডিয়া অডিটোরিয়াম কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজলা-মেহেন্দিগঞ্জ আসনের সংসদ সদস্য ও নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজীব আহসান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী ভূমি কর্মকর্তা মো. ফাহিম হাসান, মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন, কাজিরহাট থানার ওসি মো. সিদ্দিকুর রহমান, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক প্রতিনিধি এবং পূজা উদযাপন কমিটির নেতারা।

সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে উপজেলার প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় পূজামণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সার্বক্ষণিক নজরদারির ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সবাই যেন নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

তিনি আরও বলেন, প্রতিটি পূজামণ্ডপে সরকারি অনুদানের অর্থ সুষমভাবে বণ্টনের পাশাপাশি ব্যক্তিগত সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা হবে।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও পূজা উদযাপন কমিটির সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!