পটুয়াখালীর গলাচিপায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা গ্রহণের অভিযোগের সত্যতা পেয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি। তদন্তে হাজিরা খাতার স্বাক্ষরে অমিল, মোবাইল ফোনের কল ডিটেইল রেকর্ডে (সিডিআর) অসংগতি, লাইব্রেরি কার্যক্রমে অনিয়ম এবং সিসিটিভির পুরোনো ফুটেজ মুছে ফেলার তথ্য উঠে এসেছে।
অভিযুক্ত শিক্ষক রিনা পারভীন পটুয়াখালীর গলাচিপা উপজেলার গুয়াবাড়িয়া এ.বি. বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান)। ১২ নভেম্বর স্মারকসংবলিত তদন্ত প্রতিবেদনটি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়।
তিন সদস্যের তদন্ত কমিটিতে ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আবুল কালাম সাঈদ, উত্তর চরখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন-অর রশিদ এবং তথ্যসেবা কর্মকর্তা ইসমত আরা।
তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সালের ১ মে সহকারী গ্রন্থাগারিক হিসেবে যোগদানের পর ২০২১ সালের ২৮ মার্চ থেকে সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান) পদে দায়িত্ব পালন করছেন রিনা পারভীন। দীর্ঘ কর্মজীবনে তাঁর নিয়মিত উপস্থিতি ও দায়িত্ব পালন নিয়ে একাধিক অসংগতি পেয়েছে কমিটি।
প্রতিবেদনে বলা হয়, ২৭ অক্টোবর বিদ্যালয়ে তদন্তের সময় হাজিরা খাতায় থাকা রিনা পারভীনের স্বাক্ষরের সঙ্গে তাৎক্ষণিক দেওয়া স্বাক্ষরের অধিকাংশ ক্ষেত্রে অমিল পাওয়া যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাইব্রেরিতে প্রায় পাঁচ হাজার বই থাকার কথা জানালেও সেখান থেকে পাঁচটি বইয়ের নাম জানতে চাইলে রিনা পারভীন একটি বইয়ের নামও বলতে পারেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তদন্ত কমিটির দাবি, ২০২৬ সালের মার্চ থেকে জুন পর্যন্ত চার মাসের সিডিআর বিশ্লেষণে রিনা পারভীনের ব্যবহৃত একটি মোবাইল নম্বর থেকে মাত্র তিন দিন বিদ্যালয় এলাকায় অবস্থানের তথ্য পাওয়া গেছে। দিনগুলো হলো ১৩ মে, ২৫ মে ও ৪ জুন। অথচ ওই সময়ের হাজিরা খাতায় তাঁর নিয়মিত স্বাক্ষর রয়েছে।
সিসিটিভি ফুটেজ নিয়েও গুরুতর অসংগতি পেয়েছে তদন্ত কমিটি। প্রতিবেদনে বলা হয়েছে, ৬ অক্টোবর সকাল ৭টা ২৭ মিনিটে একজন সিসিটিভি বিশেষজ্ঞকে বিদ্যালয়ে প্রবেশ এবং এক মিনিটের মধ্যে বের হতে দেখা যায়। পরে হার্ডডিস্ক পরীক্ষা করে আগের ফুটেজ পাওয়া যায়নি। কমিটির অভিযোগ, গণমাধ্যমকর্মীরা ৪ অক্টোবর বিদ্যালয়ে গিয়ে তথ্য সংগ্রহের পর ৬ অক্টোবর আগের ফুটেজ মুছে ফেলা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহা. মোশাররফ হোসাইন অভিযুক্ত শিক্ষকের স্বামী। তদন্ত প্রতিবেদনে তাঁর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। কমিটির দাবি, অনানুষ্ঠানিক তদন্তের সময় হাজিরা খাতা ও সিসিটিভি ফুটেজ সরবরাহ না করতে সংশ্লিষ্ট কর্মচারীদের নির্দেশ দেওয়া হয়েছিল। এ ছাড়া ১৩ অক্টোবর দেওয়া হাতে লেখা শ্রেণি রুটিনে রিনা পারভীনের কোনো ক্লাসের উল্লেখ না থাকলেও ২৭ অক্টোবর দেওয়া কম্পিউটার প্রিন্ট করা রুটিনে তাঁকে অন্তর্ভুক্ত করা হয়।
তদন্তে কয়েকজন শিক্ষক-কর্মচারীর বক্তব্যেও অসংগতি পাওয়া গেছে। কমিটির কাছে দেওয়া লিখিত বক্তব্যের বিষয়বস্তু না জেনেই স্বাক্ষর নেওয়া হয়েছে বলে কয়েকজন শিক্ষক দাবি করেছেন। কেউ কেউ প্রধান শিক্ষকের লিখে দেওয়া বক্তব্যে স্বাক্ষর করেছেন বলেও জানিয়েছেন।
এদিকে সাবেক শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের বক্তব্যেও রিনা পারভীনের দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকার অভিযোগ উঠে এসেছে। কয়েকজন সাবেক শিক্ষার্থী লিখিত বক্তব্যে জানিয়েছেন, ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিদ্যালয়ে পড়াশোনা করলেও তাঁরা তাঁকে মাত্র পাঁচ দিন দেখেছেন।









