শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে জমি নিয়ে বিরোধের জেরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক বিভিন্ন প্রজাতির গাছ কেটে নেওয়া, মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আবুল মোল্যাসহ সাতজনের বিরুদ্ধে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে সখিপুর থানাধীন দক্ষিণ চরকুমারিয়া ইউনিয়নের ফেলিরচর আজিজ হাওলাদার কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ছায়েদ ফকিরের অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে বিরোধপূর্ণ জমিতে থাকা ১৫টি মেহগনি, একটি বাদাম, দুটি কড়ই ও একটি নারিকেল গাছ কেটে নেওয়া হয়। এতে প্রায় এক লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, গাছ কাটার সময় বাধা দিতে গেলে ছায়েদ ফকির ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে অভিযুক্তরা অসদাচরণ ও গালিগালাজ করেন। একপর্যায়ে ছায়েদ ফকিরকে কিল-ঘুষি মেরে মাটিতে ফেলে দেওয়া হয়।
এ সময় তাঁকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শনসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী ছায়েদ ফকির সখিপুর থানায় আবুল মোল্যাসহ সাতজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসেন বলেন, “এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”









