পটুয়াখালীর গলাচিপায় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে পূজা মণ্ডপগুলোতে চলছে প্রতিমা সাজানো, রং তুলি ও আলোকসজ্জার শেষ মুহূর্তের কাজ। এ বছর পটুয়াখালী জেলার আটটি উপজেলায় ১৯৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন চললে। দিন-রাত এক করে ব্যস্ত সময় পার করছেন প্রতিমাশিল্পী ও আয়োজকেরা।
আগামী ১৬ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এর আগে ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হবে। মহালয়ার দিন থেকেই দুর্গাপূজার আগমনী বার্তা ছড়িয়ে পড়বে চারদিকে। পটুয়াখালীর আটটি উপজেলায় এবার ১৯৪টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে অধিকাংশ মণ্ডপে প্রতিমা তৈরির মাটির কাজ শেষ হয়েছে। এখন চলছে প্রতিমায় রঙের প্রলেপ, সাজসজ্জা ও মণ্ডপ সাজানোর কাজ। পূজার দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে আয়োজকদের ব্যস্ততা। পটুয়াখালী মন্দিরের পুরোহিত বলেন, আগামী ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হবে। এদিন থেকেই দেবী দুর্গার আগমনী সুরে মুখর হয়ে উঠবে চারপাশ। এরপর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে দুর্গোৎসব।
পটুয়াখালী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল বরণ দাস জানান, দুর্গাপূজাকে ঘিরে মণ্ডপগুলোতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। প্রশাসনের সহযোগিতা ও সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা সম্পন্ন হবে বলে আশা করছেন তারা। পূজা ঘিরে নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়েও প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।