দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৭নং শিবনগর ইউনিয়ন এর পূর্ব রাজারামপুর গ্রামের আদর্শ কলেজপাড়া এলাকায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উক্ত অগ্নিকাণ্ডে খোকন নামে এক রিকশাচালকের বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। পাশের গোয়াল ঘরে থাকা গবাদি পশুও পুড়ে মারা যায়।
অগ্নিকাণ্ডে মারা যাওয়া গরুর মধ্যে একটি ছিল গর্ভবতী। এছাড়া একটি বকনা বাছুর ও দুটি ভেড়া। অগ্নিকাণ্ডের সময় পাশের একটি ঝুপড়ি ঘরে খোকনের প্রতিবন্ধী মা অবস্থান করছিলেন বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছামেদুল ইসলাম ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, নগদ অর্থ সহযোগিতা করেন এবং তাদের পাশে সর্বাত্মক ভাবে থাকার আশ্বাস দেন।
চেয়ারম্যান মো. ছামেদুল ইসলাম বলেন, “বিষয়টি নিয়ে জেলা প্রশাসক, সংসদ সদস্য (এমপি) মহোদয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের সঙ্গে কথা হয়েছে। আমরা যথাসাধ্য ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সহযোগিতা করার ব্যবস্থা করব।”
এ সময় ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান ফিজারসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
অগ্নিকাণ্ডে রিকশাচালক খোকনের পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী।