শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরের চরসেন্সাস ইউনিয়নের বালার বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) এম অ্যান্ড এম কর্পোরেশনের আওতায় আনুষ্ঠানিকভাবে এ আউটলেটের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রফিকুল ইসলাম বালা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ফরিদপুর জোনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) ও হেড অব জোন মো. ইয়াকুব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া জোনের ম্যানেজার মো. নুর ইসলাম।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সখিপুর থানা যুবদলের সভাপতি মোস্তাক আহমেদ মাসুম বালাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীরা।
বিশেষ অতিথির বক্তব্যে মোস্তাক আহমেদ মাসুম বালা বলেন, বালার বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেট চালু হওয়ায় স্থানীয় গ্রাহকদের ব্যাংকিং সেবা গ্রহণ আরও সহজ হবে। গ্রাহক হিসেবে এ প্রতিষ্ঠান থেকে মানসম্মত ও গ্রাহকবান্ধব সেবা প্রত্যাশা করেন তিনি।
পাশাপাশি বাজারের অন্যান্য ব্যাংকের সঙ্গে প্রতিযোগিতামূলক সেবা প্রদানের মাধ্যমে ইসলামী ব্যাংক আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথি মো. ইয়াকুব আলী বলেন, ব্যাংকের শাখা ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের কার্যক্রমে কিছু পার্থক্য রয়েছে। উভয়ের কাজের মধ্যে মিল থাকলেও পরিচালন পদ্ধতি ভিন্ন।
বালার বাজারে চালু হওয়া এ আউটলেটটি ইসলামী ব্যাংকের প্রতিনিধি হিসেবে নির্ধারিত ব্যাংকিং সেবা প্রদান করবে। এ সময় তিনি এজেন্ট ব্যাংকিংয়ের কার্যক্রম ও বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দীর্ঘদিন ধরে গ্রাহকদের সহজ ও মানসম্মত ব্যাংকিং সেবা দিয়ে আসছে। ইসলামী শরিয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি গ্রাহকদের আস্থা অর্জনে কাজ করছে।
নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট চালুর ফলে বালার বাজারসহ আশপাশের এলাকার মানুষ সহজেই ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।