মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

দখল-দূষণমুক্ত প্রবাহমান নদীর দাবিতে সুনামগঞ্জে বিশ্ব নদী দিবস পালিত

মোঃ মোশফিকুর রহমান স্বপন
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ pm
১১
দখল-দূষণমুক্ত প্রবাহমান নদীর দাবিতে সুনামগঞ্জে বিশ্ব নদী দিবস পালিত

মোঃ মোশফিকুর রহমান স্বপন

সুনামগঞ্জ প্রতিনিধি ::

‘দখল-দূষণমুক্ত, প্রবাহমান ও জীবন্ত নদী চাই’—এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে বিশ্ব নদী দিবস উদযাপন করেছে হাওর ও নদী রক্ষা আন্দোলন। এ উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। হাওর ও নদী রক্ষা আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মো. রাজু আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মী, পরিবেশবাদী, শিক্ষক, সাংবাদিক এবং নদীপারের সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের উপদেষ্টা পরিমল কান্তি দে, চিত্তরঞ্জন তালুকদার, সুখেন্দু সেন ও কানিজ ফাতেমা, সহসভাপতি মো. মুজাহিদুল ইসলাম মজনু ও ওবায়দুল মুন্সী, সাংগঠনিক সম্পাদক ইজাজুল হক চৌধুরী নাছিম, বাঁধ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক মোশফিকুর রহমান স্বপন, সদস্য কর্ণবাবু দাশ, সদর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ফারুক আহমদ, পৌর কমিটির যুগ্ম আহ্বায়ক বাবলুসহ অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জের প্রাণ হলো নদী ও হাওর। কিন্তু অপরিকল্পিত উন্নয়ন, নদী দখল ও দূষণ এবং অবৈধভাবে বালু উত্তোলনের কারণে সুরমা, জাদুকাটা, কুশিয়ারা, চলতি, চিলাই, খাসিয়ামারা, মুগাই, রক্তি, মহাসিং, নলজুরি ও ধোপাজানসহ জেলার ছোট-বড় অনেক নদী ও হাওর অস্তিত্ব সংকটে পড়েছে।

বক্তারা আরও বলেন, নদীগুলোর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে অবিলম্বে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে হবে। একই সঙ্গে নদী দূষণ বন্ধে কঠোর আইন প্রয়োগ এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তারা বলেন, নদী রক্ষা শুধু পরিবেশবাদীদের দায়িত্ব নয়; এটি মানুষের অস্তিত্ব রক্ষার লড়াই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নদীগুলোকে সজীব ও বহমান রাখতে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!