নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ মঞ্জুরির চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বোদা ও দেবীগঞ্জ উপজেলার পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সহায়তার চেক ও ঢেউটিন বিতরণ করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ, এমপি।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে বোদা ও দেবীগঞ্জ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এই চেক বিতরণ কর্মসূচির আয়োজন করে।
সকালে বোদা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম-এর সভাপতিত্বে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬ জন সুফলভোগীর মাঝে সরকারি সহায়তা হস্তান্তর করা হয়। এসময় প্রতিজন কে এক বান্ডিল ঢেউটিন ও তিন হাজার টাকার চেক তুলে দেয়া হয়।
অপরদিকে, দেবীগঞ্জ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে দেবীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ জন সুফলভোগীর মাঝে সহায়তা বিতরণ করা হয়। দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজিৎ সাহা-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ক্ষতিগ্রস্তদের হাতে ২ বান্ডিল করে ঢেউটিন ও নগদ ৬,০০০ টাকার চেক তুলে দেন।
অনুষ্ঠানসমূহে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার সব সময় থাকবে বলে আশ্বাস প্রদান করেন।