রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সাভারে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

এইচ এম সাগর সাভার উপজেলা প্রতিনিধি
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ am
২২৬
সাভারে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

সরকারের নির্দেশনা অনুযায়ী পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে ঢাকার সাভারে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। এর অংশ হিসেবে শনিবার সকালে সাভার রেডিও কলোনি মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমের উদ্বোধন করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম। এ সময় উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

অভিযানের শুরুতে স্কুল মাঠ ও আশপাশের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে মশার বংশবিস্তার রোধ এবং ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন স্থানে জীবাণুনাশক ও মশা নিয়ন্ত্রণের জন্য স্প্রে করা হয়। বিশেষ করে পানি জমে থাকতে পারে—এমন স্থানগুলো পরিষ্কার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়। সমাজের প্রত্যেক মানুষকে নিজ নিজ অবস্থান থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে হবে। বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখলে মশার বংশবিস্তার কমানো সম্ভব হবে।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে বিশেষ নজর দিতে হবে। নিজের বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি অন্যদেরও পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করতে হবে।

পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলাকালে রেডিও কলোনি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এইচ এম শাহ আলম মিঞা উপস্থিত ছিলেন। তিনি শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।

অভিযান শেষে স্কুল মাঠে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিভিন্ন ধরনের গাছের চারা রোপণ করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষার কার্যক্রমকে আরও কার্যকর করতে স্থানীয় পর্যায়ে সচেতনতামূলক উদ্যোগ অব্যাহত রাখা হবে। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সাভারে ডেঙ্গুর ঝুঁকি কমাতে এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় বাসিন্দা, শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সংগঠন ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!