প্রতিবেদন মোঃ সৌরভ হোসেন,
বরিশালের মেহেন্দিগঞ্জ পৌর এলাকায় প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পৌরবাসীর বিনোদনের সুযোগ সৃষ্টি এবং শিশু-কিশোরদের খেলাধুলার জন্য উপযুক্ত পরিবেশ তৈরির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মেহেন্দিগঞ্জ পৌরসভার একটি প্রকল্প সিপিসিআরপি (CPCRP)-এর আওতায় পার্কটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রিয়াজুর রহমান।
জানা গেছে, উপজেলার পুরাতন লঞ্চঘাট সংলগ্ন চুনাচর এলাকায় পার্কটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। পার্ক নির্মাণের জন্য প্রায় ১ একর ৮৫ শতাংশ জমি অধিগ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। জমি অধিগ্রহণ সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে পার্কটির নির্মাণকাজ শুরু হবে।
প্রস্তাবিত পার্কটি নির্মিত হলে শিশু-কিশোরদের খেলাধুলার পাশাপাশি পৌরবাসীর পরিবার-পরিজন নিয়ে অবসর সময় কাটানোর সুযোগ তৈরি হবে। একই সঙ্গে এটি মেহেন্দিগঞ্জ পৌর এলাকার বিনোদন ও নাগরিক সুবিধা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
জমি অধিগ্রহণ ও পার্ক নির্মাণের উদ্যোগ পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ওবায়দুল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফাহিম হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।