পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা ব্যানার নিয়ে ভূরুঙ্গামারী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে বাসটার্মিনাল গোলচত্বরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের সামনে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্যসচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ সরকার, যুগ্ম আহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা ও সাখাওত হোসেন তৌহিদ এবং বঙ্গসোনাহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন ব্যাপারীসহ স্থানীয় নেতারা।