মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:-
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ঘুঘুমারী বাজার থেকে মহিষবাথান বাজার পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে পিচ ও খোয়া উঠে গেছে। তৈরি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। বৃষ্টি হলে এসব গর্তে পানি জমে সড়কটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও যানবাহনের চালকেরা।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সড়কটি দিয়ে প্রতিদিন আশপাশের বিভিন্ন এলাকার মানুষ যাতায়াত করেন। স্কুল-কলেজের শিক্ষার্থীদেরও নিয়মিত এই পথ ব্যবহার করতে হয়। কিন্তু সড়কের বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় যানবাহন চলাচল কঠিন হয়ে পড়েছে। বৃষ্টির সময় গর্তে পানি জমে সেগুলোর গভীরতা বোঝা যায় না। এতে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ে।
মহিষবাথান পশ্চিমপাড়া এলাকার স্থানীয় বাসিন্দা মুক্তা বলেন, সড়কটির কারণে অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে সমস্যা হয়। বিশেষ করে মুমূর্ষু রোগী ও প্রসূতি মায়েদের নিয়ে যাতায়াতের সময় বেশি ভোগান্তিতে পড়তে হয়। গর্ত ও ঝাঁকুনির কারণে রোগীর কষ্ট আরও বেড়ে যায়।
অটোরিকশাচালক বাবুল বলেন, ভাঙা সড়কে গাড়ি চালাতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি থাকে। গর্তে পড়ে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হয়। এতে মেরামতের পেছনে বাড়তি টাকা খরচ করতে হচ্ছে।
স্থানীয় লোকজনের দাবি, সড়কটি দ্রুত সংস্কার করা হলে দীর্ঘদিনের দুর্ভোগ কমবে। একই সঙ্গে দুর্ঘটনার ঝুঁকিও কমবে। তাঁরা টেকসইভাবে সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন।
মাদারগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম বলেন, মহিষবাথান-ঘুঘুমারী সড়কটির দৈর্ঘ্য প্রায় চার কিলোমিটার। অতিবৃষ্টির কারণে বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে কিছুটা জনদুর্ভোগ তৈরি হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের বরাদ্দে সড়কটি সংস্কারের পরিকল্পনা রয়েছে।