বরিশালের মেহেন্দিগঞ্জে স্বচ্ছতা ও সরাসরি যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত প্রতিবন্ধীদের প্রতিবন্ধী কার্ড ও সরকারি সুবিধা নিশ্চিতকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ কার্যক্রমে শত শত শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি উপস্থিত হন।
প্রতিমন্ত্রী রাজিব আহসানের প্রত্যক্ষ নির্দেশনায় আয়োজিত কার্যক্রমটি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিরাজ আহমেদের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়। এ সময় প্রতিটি আবেদনকারীর শারীরিক অবস্থা সরেজমিনে পরীক্ষা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরানুর রহমান।
যাচাই-বাছাই শেষে যোগ্য আবেদনকারীদের তাৎক্ষণিকভাবে চিকিৎসা সনদ ও প্রয়োজনীয় প্রত্যয়নপত্র প্রদান করা হয়।
সংশ্লিষ্টরা জানান, সরাসরি যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত প্রতিবন্ধীদের কোনো ধরনের হয়রানি ছাড়াই প্রতিবন্ধী কার্ড এবং সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করাই এ কার্যক্রমের মূল লক্ষ্য।