মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শিবচরে মানবিক সহায়তার অনন্য দৃষ্টান্ত: ১০০ প্রতিবন্ধী পেলেন হুইলচেয়ার, ২৭ পরিবার পেল ঢেউটিন

মোঃ শামীম আহমেদ
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ pm
৪৮
শিবচরে মানবিক সহায়তার অনন্য দৃষ্টান্ত: ১০০ প্রতিবন্ধী পেলেন হুইলচেয়ার, ২৭ পরিবার পেল ঢেউটিন

মাদারীপুরের শিবচরে সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। চলাচলে অক্ষম ১০০ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার এবং মাথা গোঁজার ঠাঁইয়ের সহায়তায় ২৭টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পদ্মা অডিটোরিয়ামে এই মানবিক সহায়তা প্রদান করা হয়। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা যায়, সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চলাচলের স্বাধীনতা ফিরিয়ে দিতে ১০০ জন শারীরিক প্রতিবন্ধীর হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয়। হুইলচেয়ার পেয়ে দীর্ঘদিন ধরে ঘরে বন্দী থাকা প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের স্বজনদের চোখে-মুখে আনন্দের ঝিলিক দেখা যায়।

এছাড়া, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ২৭টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে পুনর্বাসনের অংশ হিসেবে পরিবারপ্রতি দুই বান করে ঢেউটিন বিতরণ করা হয়।

মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তারের প্রধান উপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মর্জিনা আক্তার বলেন, আমরা সারা জীবন অনেক কাজ করব, সেগুলোর ফলাফলও ভালো হবে। কিন্তু বিশেষ চাহি সম্পন্ন বা পিছিয়ে পড়া মানুষের জন্য এই কাজটি একটু বেশি গুরুত্বপূর্ণ এবং উপকারী। তারা আমাদের সমাজেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের জীবনযাত্রা স্বাভাবিক হলে আমাদের মনেও স্বস্তি আসে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা বিভাগ যেভাবে এই হতদরিদ্র ও শারীরিকভাবে অক্ষম মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে, তা সত্যিই প্রশংসনীয়।

তিনি সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম আরও গতিশীল রাখতে এবং প্রকৃত উপকারভোগীদের দ্রুত সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

উপজেলা প্রশাসন জানিয়েছে, সমাজের অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের এমন কল্যাণমুখী ও মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেই অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!