মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবি

মোঃ মাহফুজুর রহমান
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ am
রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবি

মোঃ মাহফুজুর রহমান

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমানের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার শিবদিঘি যাত্রীছাউনি মোড়ে রাণীশংকৈল উপজেলা উন্নয়ন ফোরাম ও সর্বস্তরের সচেতন জনগণের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলা মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, রাণীশংকৈলে দায়িত্ব নেওয়ার পর মুজিবুর রহমান ভূমি ব্যবস্থাপনা ও জনসেবায় দৃশ্যমান পরিবর্তন এনেছেন। তাঁর কার্যক্রমে ভূমি অফিসে সাধারণ মানুষের ভোগান্তি কমেছে এবং দালালচক্রের দৌরাত্ম্যও নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, দায়িত্ব পালনকালে তিনি মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, অবৈধ বালু উত্তোলন বন্ধ, পরিবেশ ও নদী রক্ষা এবং জনস্বার্থে বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখেছেন।

কর্মসূচিতে বাংলাদেশ কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের ছাত্রনেতা মামুনুর রশিদ মামুন বলেন, মুজিবুর রহমানের বদলির পেছনে কারা ভূমিকা রেখেছেন, তা খতিয়ে দেখা প্রয়োজন। তিনি দাবি করেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক তৎপরতার কারণে একটি মহল তাঁর বদলির জন্য তৎপর হয়েছে।

এ সময় রাণীশংকৈল প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ সরকার, জুলাই যোদ্ধা আল হাবীব, উপজেলা উন্নয়ন ফোরামের সদস্য নাজমুল হোসেন, রেজাউল করিম রাজা, শামসুদ্দিন ইসলাম সাগর, সিজান মাহমুদ ও প্রভাষক মজিবুর রহমানসহ অন্যরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, বর্তমানে রাণীশংকৈলে নিয়মিত উপজেলা নির্বাহী কর্মকর্তা না থাকায় প্রশাসনিক কাজে অভিজ্ঞ কর্মকর্তাদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ। তাই জনস্বার্থে মুজিবুর রহমানের বদলি আদেশ পুনর্বিবেচনা করে তাঁকে রাণীশংকৈলেই বহাল রাখার দাবি জানান তাঁরা।

মানববন্ধন থেকে তাঁর বদলি আদেশ স্থগিত বা প্রত্যাহার করে সহকারী কমিশনার (ভূমি) পদে পুনর্বহালের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!