খুলনা প্রতিনিধি :
অ্যানেস্থেশিয়া চিকিৎসকের সংকটের কারণে খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার সপ্তাহের ৬ দিনই বন্ধ থাকছে। ফলে জরুরি ও প্রসূতি রোগীদের ৬৬ কিলোমিটার দূরে খুলনা শহরে পাঠাতে হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, এখানে পদায়িত অ্যানেস্থেশিয়া চিকিৎসক ডা. জহিরুল ইসলাম বর্তমানে সংযুক্তির মাধ্যমে ফুলতলায় ৪ দিন ও কয়রায় ১ দিন দায়িত্ব পালন করছেন। পাইকগাছায় তার নির্ধারিত দিন মাত্র ১টি।
হাসপাতালের তথ্য অনুযায়ী, জুলাই মাসে প্রসূতি বিভাগে ১৫৫ জন ও জরুরি বিভাগে ১ হাজার ৬৯৭ জন রোগী চিকিৎসা নেন। আগে প্রতি মাসে গড়ে ২০-৩০টি অস্ত্রোপচার হলেও এখন তা প্রায় শূন্যের কোঠায়।
আরএমও ডা. সাকিলা আফরোজ বলেন, "প্রতিদিনই অপারেশনের রোগী আসে। চিকিৎসক না থাকায় তাদের ফেরত পাঠাতে হচ্ছে।"
ডা. জহিরুল ইসলাম জানান, স্ত্রী-সন্তান অসুস্থ থাকায় মানবিক কারণে তিনি সংযুক্তিতে আছেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ বলেন, সার্বক্ষণিক অ্যানেস্থেশিয়া চিকিৎসকের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
পাইকগাছা ছাড়াও কয়রা, দাকোপ ও সাতক্ষীরার আশাশুনির মানুষ এ হাসপাতালের উপর নির্ভরশীল। স্থানীয়রা দ্রুত নিয়মিত অ্যানেস্থেশিয়া চিকিৎসক পদায়নের দাবি জানিয়েছেন।
গোলাম কিবরিয়া তুহিন
খুলনা জেলা
৩১আগস্ট ২০২৬