(ঠাকুরগাঁও) প্রতিনিধি: মোঃ মাহফুজুর রহমান
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অভিযান চালিয়ে ৪২ বোতল ফেনসিডিল সমজাতীয় মাদক ফেনসিবিল জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩।
এ সময় জামাই-শাশুড়িকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া গ্রামের ফারুকের স্ত্রী পলি আক্তার (৪১) এবং একই গ্রামের মোস্তাক আলীর ছেলে ও ফারুক-পলি দম্পতির জামাই তানভীর রানা (২১)।
র্যাব-১৩ সূত্রে জানা যায়, রোববার (২৩ আগস্ট) সকাল ১০টা ৫৫ মিনিটে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১৩, দিনাজপুর ক্যাম্পের একটি অভিযানিক দল সেনুয়া গ্রামের ফারুকের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় বাড়ির গোয়ালঘরে তল্লাশি চালিয়ে ৪২ বোতল ফেনসিবিল (ফেনসিডিল সমজাতীয় মাদক) জব্দ করা হয়।
পরে মাদক রাখার অভিযোগে ফারুকের স্ত্রী পলি আক্তার ও তাদের জামাই তানভীর রানাকে গ্রেফতার করা হয়।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।