সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুরে জান্নাতুল আক্তার (১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট ২০২৬) ভোরে উপজেলার কৃষ্ণ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দড়ি কৃষ্ণপুর গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জান্নাতুল আক্তার ওই গ্রামের মো. জাফার খানের মেয়ে। তার মায়ের নাম ফেরদৌস বেগম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেয়ে জান্নাতুল তার ছয় বছর বয়সী ছোট বোন সাইফা আক্তারকে নিয়ে ঘুমাতে যায়। পরিবারের দাবি, জান্নাতুল দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিল। রোববার সকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে তার ছোট বোন সাইফা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করে। পরে পরিবারের সদস্যরা তাকে নিচে নামিয়ে আনেন।
খবর পেয়ে জান্নাতুলের চাচা ইলিয়াস হোসেন সদরপুর থানা পুলিশকে অবহিত করেন। পরে সদরপুর থানার জরুরি ডিউটিতে থাকা এসআই (নিরস্ত্র) রনি খালাশী সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহ পুলিশ হেফাজতে নেন এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
সদরপুর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।