নওগাঁর আত্রাই উপজেলার ৬ নং মনিয়ারি ইউনিয়নের মাড়িয়া গ্রামের পূর্বপাড়া থেকে বড়পুকুরিয়া গ্রাম অভিমুখী গ্রামীণ সড়কটি দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে ইটের সোলিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য খন্দক। বর্ষা ও বন্যার সময় সড়কটি পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের।
স্থানীয় যুবক রাব্বি-মীর বলেন, গ্রামের কেউ অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে। এছাড়া ধান বিক্রির ক্ষেত্রেও যোগাযোগ ব্যবস্থার দুরবস্থার কারণে পার্শ্ববর্তী গ্রামে তুলনামূলক বেশি দাম থাকা সত্ত্বেও অনেক সময় নিজেদের গ্রামেই কম দামে ধান বিক্রি করতে হয়।
এলাকার বাসিন্দা শ্রী গোউর ও নূরুল ইসলাম জানান, হিন্দু-মুসলিম সম্প্রীতির এই গ্রামের মানুষের যাতায়াতের প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি। শুধু ইটের সোলিং থাকলেও বর্তমানে বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষা ও বন্যার সময় পুরো সড়ক পানিতে ডুবে গিয়ে অনেকটা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
তারা আরও জানান, জনপ্রতিনিধিদের পক্ষ থেকে একাধিকবার আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত সড়কটি সংস্কারে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, সড়কটির বেহাল অবস্থার বিষয়ে তিনি আগে অবহিত ছিলেন না। সাংবাদিকের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছেন। গ্রামবাসীর পক্ষ থেকে লিখিত আবেদন করা হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।