রবিবার, ২৩ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সিরাতে রাসূল (দ.)-এর আলোকে আত্মশুদ্ধি, মানবিক মূল্যবোধ ও আধ্যাত্মিক বিকাশের আহ্বান

নিউজ ডেস্ক
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ০৪:০৬ pm
২৫
সিরাতে রাসূল (দ.)-এর আলোকে আত্মশুদ্ধি, মানবিক মূল্যবোধ ও আধ্যাত্মিক বিকাশের আহ্বান

মোঃ রেজাউল ইসলাম 
২২ আগস্ট, ঢাকা 
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে সুফি সেন্টার-এর আয়োজনে “সিরাতে রাসূল (দ.): আত্মশুদ্ধি, মানবিক মূল্যবোধ ও আধ্যাত্মিক বিকাশ” শীর্ষক সেমিনার ও সুফি মেডিটেশন ব্যবহারিক সেশন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার রাজধানীর এশিয়া হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত এ আয়োজনে বক্তারা বলেন, রাসুলুল্লাহ (দ.)-এর জীবন শুধু মুসলিমদের ধর্মীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নয়; তাঁর জীবনাদর্শ নৈতিক উৎকর্ষ, আত্মশুদ্ধি, মানবিক মর্যাদা, সহমর্মিতা, সংযম ও আধ্যাত্মিক বিকাশের এক অনন্য ও সর্বজনীন দৃষ্টান্ত।

বক্তারা বলেন, সমকালীন সমাজে নৈতিক অবক্ষয়, অসহিষ্ণুতা, আত্মকেন্দ্রিকতা ও পারস্পরিক দূরত্ব মোকাবিলায় সিরাতে রাসূল (দ.)-এর মানবিক ও আধ্যাত্মিক শিক্ষাকে নতুনভাবে অনুধাবন করা প্রয়োজন। নববী আদর্শের প্রকৃত তাৎপর্য কেবল আলোচনায় নয়, বরং ব্যক্তিজীবনে তার যথার্থ অনুশীলন ও প্রয়োগের মধ্যেই নিহিত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খ্যাতিমান দার্শনিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান।
প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ কাওসার মুস্তাফা আবুলউলায়ী।

সম্মানিত আলোচক হিসাবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আব্দুস সবুর খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ওসমান গনী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাসুম বাকী বিল্লাহ কাদেরী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রেজাউল হোসাইন।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সালাহউদ্দিন, বিচারক, সদর আদালত, জজকোর্ট ফরিদপুর; অধ্যাপক ড. শহীদ মঞ্জু, জনাব মো. জহিরুল ইসলাম, এমডি, এশিয়া হোটেল অ্যান্ড রিসোর্ট এবং জনাব লায়ন নুরুল ইসলাম, চেয়ারম্যান, জাতীয় সাংবাদিক সংস্থা, ঢাকা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুফি সেন্টার-এর মহামান্য পরিচালক খাজা ওসমান ফারুকী (খাজাজী)।

সেমিনারের পাশাপাশি  খাজাজী-এর পরিচালনায় সুফি মেডিটেশন সেশন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীদের আত্মসচেতনতা, অন্তর্মুখী মনন, মানসিক প্রশান্তি ও আত্মশুদ্ধির বিভিন্ন অনুশীলনের সঙ্গে পরিচিত করানো হয়। আয়োজকদের মতে, নববী আদর্শের নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষার সঙ্গে আত্মশুদ্ধির অনুশীলনের সমন্বয় ব্যক্তি ও সমাজজীবনে ইতিবাচক পরিবর্তনের একটি কার্যকর ভিত্তি তৈরি করতে পারে।

সভাপতির বক্তব্যে খাজাজী বলেন, সিরাতে রাসূল (দ.) নিয়ে আলোচনা শুধুই আনুষ্ঠানিকতা কিংবা আবেগের মধ্যে সীমাবদ্ধ থাকলে এর প্রকৃত শিক্ষা মানুষের জীবন ও আচরণে প্রতিফলিত হবে না। আত্মশুদ্ধি, চরিত্রগঠন, মানবিকতা ও আধ্যাত্মিক অনুশীলনের মধ্য দিয়ে রাসুলুল্লাহ (দ.)-এর জীবনাদর্শকে ধারণ করাই নবী জীবনের শিক্ষার প্রকৃত উদ্দেশ্য। মানুষের বাহ্যিক উন্নতির পাশাপাশি অন্তর্জগতের পরিশুদ্ধিও অপরিহার্য; কারণ ব্যক্তির চিন্তা, চেতনা, নৈতিকতা ও আচরণের পরিশুদ্ধির মধ্য দিয়েই একটি সুস্থ, মানবিক ও মূল্যবোধসম্পন্ন সমাজ নির্মাণের ভিত্তি তৈরি হয়।

সেমিনারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, গবেষক, চিকিৎসক, সংস্কৃতিসেবী, পেশাজীবী, সাংবাদিক ও সুফি মেডিটেশন অনুশীলনকারীরা অংশগ্রহণ করেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!