অপরিকল্পিত স্থাপনায় বাধাগ্রস্ত খালের পানি প্রবাহ, ভোগান্তিতে আংগারিয়া-বুড়িরহাট এলাকার মানুষ
শরীয়তপুর জেলা প্রতিনিধি: মোঃ রতন মোল্লা
শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া থেকে বুড়িরহাট পর্যন্ত হাইওয়ে সড়কের পাশের একটি খাল দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বিভিন্ন স্থানে খালের ওপর সেতু নির্মাণ এবং খালের ওপর দিয়ে সড়ক তৈরি করায় স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়দের অভিযোগ, বিগত সরকারের আমলে খালের ওপর বিভিন্ন স্থানে একাধিক সেতু নির্মাণ করা হলেও অনেক ক্ষেত্রে পানি নিষ্কাশনের বিষয়টি যথাযথভাবে বিবেচনা করা হয়নি। এছাড়া রুদ্রকর বৈদ্যুতিক পাওয়ার হাউসের সংলগ্ন বাম পাশে খালের ওপর দিয়ে সড়ক নির্মাণ করায় খালের পানি চলাচল আরও বাধাগ্রস্ত হয়েছে বলে দাবি তাদের।
ফলে বর্ষা মৌসুমে খালে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার পাশাপাশি আশপাশের কৃষিজমি ও বসতবাড়িতে পানি ওঠার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে দীর্ঘদিন খালটি পরিষ্কার ও সংস্কার না হওয়ায় বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা ও মাটি জমে খালের গভীরতা কমে গেছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, খালটির স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে অবৈধ বা অপরিকল্পিত প্রতিবন্ধকতা অপসারণ, খাল পুনঃখনন এবং প্রয়োজনীয় সংস্কার করা জরুরি। এতে পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক হওয়ার পাশাপাশি কৃষি ও পরিবেশের ওপরও ইতিবাচক প্রভাব পড়বে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।