মোঃ এনামুল হক
গাইবান্ধা জেলা
গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লাকে বর্তমান পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের তিনজন কর্মকর্তাকে তাঁদের নিজ নিজ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। এই তালিকার মধ্যে গাইবান্ধার জেলা প্রশাসক ছাড়াও নাটোরের জেলা প্রশাসক মিজ আসমা শাহীন এবং রংপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিনের নাম রয়েছে।
জনপ্রশাসনের প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে মোহাম্মদ মাসুদুর রহমানের পরবর্তী কর্মস্থল বা পদায়ন সম্পর্কে প্রজ্ঞাপনে কোনো তথ্য উল্লেখ করা হয়নি; পরবর্তী সময়ে পৃথক আদেশের মাধ্যমে তাঁর নতুন পদায়ন জানানো হবে।