নরসিংদী মনোহরদী প্রতিনিধি:
‘রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, উদ্বোধন, আলোচনা সভা ও সেরা মৎস্য খামারিদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) উপজেলা মৎস্য পক্ষ উদযাপন কমিটি, মনোহরদীর আয়োজনে সকালে উপজেলা চত্বর থেকে মৎস্য খামারি ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা সভাকক্ষে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাফি আফরোজ সনি, উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তার, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, সাবেক ভিপি গোলাম মোস্তফাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
এছাড়া উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য খামারি, বীর মুক্তিযোদ্ধা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক পদ্ধতি ব্যবহারের মাধ্যমে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে সবাইকে আরও সচেতন হতে হবে।
বক্তারা আরও বলেন, মৎস্যচাষিদের বিভিন্ন সমস্যা সমাধান, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সরকারি-বেসরকারি সহযোগিতা নিশ্চিত করার মাধ্যমে দেশের মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব।
অনুষ্ঠানের শেষপর্বে উপজেলার সেরা ও সফল মৎস্য খামারিদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।