ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।শনিবার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির, উপজেলা মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী, উপসহকারী মৎস্য কর্মকর্তা (সম্প্রসারণ) মো. শিহাবুর রহমানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য বিভাগের কর্মকর্তা ও স্থানীয় মৎস্যচাষীরা।এছাড়াও র্যালিতে অংশ নেন কসবা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. বসির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কসবা উপজেলা শাখার নায়েবে আমির মাওলানা শিবলী নোমানী, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শামীম রেজা, কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মো. সবুজ খান জয়, জিয়া সাইবার ফোর্স কসবা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ রাজু আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি আধুনিক ও টেকসই মৎস্যচাষ সম্প্রসারণ এবং জলজ সম্পদ সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।