সুবাস চন্দ্র, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে “রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ শুরু হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে রোববার (১৬ আগস্ট) বর্ণাঢ্য র্যালি, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও মৎস্য পুরস্কার প্রদানসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
রোববার বেলা ১১টায় বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়।
দুপুরে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও মৎস্য পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি।
আলোচনা সভায় প্রধান অতিথি মো. ফজলে হুদা বলেন, দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতিতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, জলাশয়ের সঠিক ব্যবহার এবং আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, সরকারি খাস পুকুরগুলো প্রভাবশালীরা লিজ নিয়ে চাষ করায় প্রকৃত মৎস্যজীবীরা তাদের পেশা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রকৃত মৎস্যজীবীদের পেশা টিকিয়ে রাখতে আগামী বছর থেকে সরকারি খাস পুকুরগুলো তাদের হাতে লিজ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে কারেন্ট জালসহ অন্যান্য নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে উপজেলার বিভিন্ন পর্যায়ে মৎস্য চাষি ও সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতা সৃষ্টি, মাছের উৎপাদন বৃদ্ধি এবং দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান তুলে ধরতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য পক্ষ পালন করা হবে।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান, সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন, বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ফারুক আহম্মেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক মো. রবিউল হাসান, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহফুজ উল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্য চাষি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।