সুবাস চন্দ্র,বদলগাছি(নওগাঁ)প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে সড়ক প্রশস্তকরণ ও চৌরাস্তার মোড়ে গোলচত্বর নির্মাণের দাবিতে দুই ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বদলগাছী চৌরাস্তার মোড়ে সচেতন মহলের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় সড়ক প্রশস্তকরণ ও গোলচত্বর নির্মাণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন স্থানীয়রা।
আন্দোলনকারীরা বলেন, বদলগাছী চৌরাস্তা একটি গুরুত্বপূর্ণ সড়কপথ। প্রতিদিন এ পথ দিয়ে বিপুলসংখ্যক যানবাহন চলাচল করলেও সড়কটি অপ্রশস্ত হওয়ায় প্রায়ই সৃষ্টি হয় তীব্র যানজট। একই সঙ্গে চৌরাস্তার মোড়ে যানবাহন চলাচলেও দেখা দেয় নানা জটিলতা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়ক প্রশস্তকরণ এবং চৌরাস্তার মোড়ে পরিকল্পিত গোলচত্বর নির্মাণের দাবি জানানো হলেও এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।
অবরোধ কর্মসূচি থেকে দ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়ে বক্তারা বলেন, মানুষের দুর্ভোগ আর দীর্ঘায়িত করা যাবে না। জনস্বার্থ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
কর্মসূচিতে বক্তব্য রাখেন বদলগাছী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, বদলগাছী সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হালিম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মুন্না, বদলগাছী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু-জর গিফারী এবং ছাত্রদল নেতা আসাদুজ্জামান ভুট্ট।
এসময় লেখক ও সচেতন নাগরিক ইবনে নুর নয়নসহ সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিক এবং সচেতন নাগরিকরা কর্মসূচিতে অংশ নেন।
দুই ঘণ্টার অবরোধের কারণে চৌরাস্তা এলাকায় সাময়িকভাবে ব্যাহত হয় যান চলাচল। পরে কর্মসূচি শেষ হলে স্বাভাবিক হয় পরিস্থিতি।
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত সড়ক প্রশস্তকরণ ও পরিকল্পিত গোলচত্বর নির্মাণের মধ্য দিয়ে বদলগাছী চৌরাস্তার দীর্ঘদিনের যানজট এবং জনদুর্ভোগের অবসান হবে।