শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের বেহাল দশা, দুর্ভোগে যাত্রী ও যানবাহন চালকরা
শরীয়তপুর জেলা প্রতিনিধি: মোঃ রতন মোল্লা
শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের বিভিন্ন অংশে বেহাল অবস্থার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী, পরিবহন শ্রমিক ও চালকরা। দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ, ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী অংশ তৈরি হওয়ায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে।
বিশেষ করে ভারী যানবাহন চলাচলের সময় সড়কের ক্ষতিগ্রস্ত অংশে ঝুঁকি আরও বেড়ে যায়। পাশাপাশি ছোট-বড় সব ধরনের যানবাহনকেই ধীরগতিতে চলাচল করতে হচ্ছে। এতে একদিকে যেমন যাতায়াতে অতিরিক্ত সময় লাগছে, অন্যদিকে যানবাহনের ক্ষয়ক্ষতির আশঙ্কাও বাড়ছে।
স্থানীয়দের অভিযোগ, সড়কের বেহাল অবস্থার কারণে প্রতিদিনই তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষাকালে পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে। সড়কের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার না করা হলে দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।
এ অবস্থায় শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলো দ্রুত সংস্কার করে নিরাপদ ও নির্বিঘ্ন যান চলাচলের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পরিবহন সংশ্লিষ্টরা।