বরগুনায় বেতাগী উপজেলায় এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে প্রথম স্থান অর্জন করেছে বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থী কথা মনি হালদার। সে ১১৫০ নম্বরের মধ্যে ১০০১ নম্বর পেয়েছে।
কথা মনির এমন সাফল্যে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। স্থানীয়রাও তাকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন।
কথা মনি হালদারের বাবা সঞ্জয় হালদার একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং জীবন বীমা কর্পোরেশনের বেতাগী উপজেলা শাখার ব্রাঞ্চ ম্যানেজার। তার মা সুচিত্রা রানী একজন গৃহিণী।
নিজের সাফল্যের পেছনে বাবা-মা ও শিক্ষকদের অবদানের কথা উল্লেখ করে কথা মনি হালদার বলেন, নিয়মিত পড়াশোনা ও অধ্যবসায়ের মাধ্যমে এই ফলাফল অর্জন করেছেন তিনি। ভবিষ্যতে আইন বিষয়ে উচ্চশিক্ষা নিয়ে দেশ ও মানুষের সেবা করতে চান। এজন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন তিনি।
বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. শাহীন বলেন, “কথা মনি হালদারের এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। মানবিক বিভাগ থেকে ১০০১ নম্বর পেয়ে উপজেলায় প্রথম স্থান অর্জন করা সত্যিই অসাধারণ কৃতিত্ব। তার এই অর্জন আমাদের প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করেছে। আমরা তার ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।”
কথা মনির এই সাফল্য শুধু তার পরিবারের নয়, শিক্ষা প্রতিষ্ঠান ও বেতাগী উপজেলার জন্যও গর্বের বলে মনে করছেন স্থানীয়রা।