মেহেন্দিগঞ্জ থেকে মোঃ সৌরভ হোসেন এর পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত,
বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভার খরকি এলাকায় দিঘির পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৯ জুলাই) পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের খরকি এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।নিহতরা হলো—নাঈম (৮), স্থানীয় জাহাঙ্গীর সরদারের ছেলে এবং ইস্রাফিল (৮), ইউসুফ তালুকদারের ছেলে। তারা দুজনেই খরকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে দুই বন্ধু একসঙ্গে খেলতে বের হয়। খেলতে খেলতে একপর্যায়ে অসাবধানতাবশত তারা খরকি দিঘির পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় দিঘি থেকে দুই শিশুর নিথর দেহ উদ্ধার করা হয়।খেলার ছলে দুই শিশুর এমন অকাল মৃত্যুতে স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। একই সঙ্গে পুরো খরকি এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয়রা দিঘির চারপাশে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা আর না ঘটে।
উপজেলা প্রতিনিধি