সোমবার, ১০ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সাভারে র‍্যাবের অভিযানে ৬ কোটি টাকার সাপের বিষ উদ্ধার; নেপথ্যে আন্তর্জাতিক চোরাচালান চক্র

মোঃ শিহাব উদ্দিন শেখ
রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ১০:০৮ pm
সাভারে র‍্যাবের অভিযানে ৬ কোটি টাকার সাপের বিষ উদ্ধার; নেপথ্যে আন্তর্জাতিক চোরাচালান চক্র
সাপের বিষসহ আটককৃত আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্যরা

রাজধানী ঢাকার সাভার ও যাত্রাবাড়ী এলাকায় যৌথ অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যমানের ৯১০ গ্রাম কথিত সাপের বিষসহ অবৈধ চোরাচালান চক্রের মূল হোতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

‎গত ৬ আগস্ট ২০২৬ তারিখে পরিচালিত এই অভিযানে সাপের বিষের পাশাপাশি চোরাচালান কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন মোঃ আব্দুর রহমান (৩২), মোঃ শাহজাহান (৬৫), এবং মোঃ নান্না মিয়া (৪৮)। এদের মধ্যে আব্দুর রহমান এই চোরাচালান চক্রের মূল হোতা বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব জানায়, র‍্যাব-৪ (নবীনগর ক্যাম্প) ও র‍্যাব-৩ (মগবাজার ক্যাম্প)-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ আগস্ট রাতে সাভারের এনাম মেডিকেল কলেজের বিপরীত পাশের গ্যারেজের সামনে অভিযান পরিচালনা করে। সেখান থেকে প্রথমে মোঃ শাহজাহান ও মোঃ নান্না মিয়াকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৩০ গ্রাম কথিত সাপের বিষ এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

‎পরবর্তীতে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে র‍্যাবের যৌথ দলটি ৬ আগস্ট ভোর সাড়ে চারটায় যাত্রাবাড়ীর পশ্চিম মাতুয়াইল এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করে চক্রের মূল হোতা আব্দুর রহমানকে গ্রেফতার করে। তার হেফাজত থেকে ৮৮০ গ্রাম কথিত সাপের বিষ এবং আরও ২টি অ্যান্ডয়েড মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট ৯১০ গ্রাম সাপের বিষের মধ্যে ৪৭০ গ্রাম প্রক্রিয়াজাত পাউডার এবং ৪৪০ গ্রাম তরল অবস্থায় রয়েছে।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা একটি আন্তর্জাতিক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে বিদেশ থেকে বেআইনিভাবে সাপের বিষ সংগ্রহ করে তা অন্য দেশে পাচারের মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করে আসছিল।

‎এই ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি/২৫-ডি ধারায় সাভার থানায় একটি মামলা (মামলা নং- ৩৫, তারিখ: ০৬/০৮/২০২৬) দায়ের করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদের উদ্ধারকৃত আলামতসহ সাভার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!