সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৩০০ পুড়িয়া হেরোইনসহ ফুলমালা (৫২) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার (১১ নভেম্বর ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাভার মডেল থানাধীন হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় অভিযান চালায় ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগের একটি দল।
ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসআই (নিঃ) শেখ মফিজুর রহমানসহ গোয়েন্দা পুলিশের একটি দল অংশ নেয়। এ সময় সন্দেহভাজন হিসেবে ফুলমালা (৫২) নামে এক নারীকে আটক করে তল্লাশি চালানো হলে তাঁর কাছ থেকে ৩০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের মোট ওজন ৩০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৯০ হাজার টাকা।
গ্রেপ্তার ফুলমালা কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার খড়িবুনা এলাকার মৃত হাসন মণ্ডলের মেয়ে। তাঁর মায়ের নাম মৃত মালেকা বেগম এবং স্বামীর নাম আজিমুদ্দিন। বর্তমানে তিনি সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় বসবাস করছিলেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এদিকে সাভারসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। মাদক নির্মূলে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান জোরদারের মাধ্যমে মাদক কারবারিদের আইনের আওতায় আনার কার্যক্রম চলমান থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।