সাভারে পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৬০ বছর বয়সী এক নারীও রয়েছেন। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ) বিকেলে সাভার মডেল থানাধীন বাড্ডা ভাটপাড়া ও দক্ষিণ রাজাশন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়। ঢাকা জেলা ডিবি (উত্তর) বিভাগের অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযানে অংশ নেন এসআই (নিরস্ত্র) মোঃ শাহাদাৎ হোসেনসহ ডিবি পুলিশের অন্যান্য সদস্যরা।
পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সাভার মডেল থানাধীন বাড্ডা ভাটপাড়া এলাকায়। এ সময় রুঞ্জু বেগম (৬০) নামে এক নারীকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। তিনি সাভারের পোড়াবাড়ি বেদেপাড়া এলাকার বাসিন্দা। উদ্ধার করা ইয়াবার ওজন আনুমানিক ৫ গ্রাম এবং এর বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এরপর একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ রাজাশন এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে আরও তিনজনকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মোঃ জাহিদুল ইসলাম (৩৫), মোঃ শফিকুল ইসলাম সাগর (২৬) এবং লামিয়া (২০)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জাহিদুল ইসলাম রাজাশন এলাকার বাসিন্দা। শফিকুল ইসলাম সাগরের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর থানার লদুয়া এলাকায়। তিনি দক্ষিণ রাজাশনে কাশেমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। অপরদিকে লামিয়ার গ্রামের বাড়ি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার চিংড়ীখালী এলাকায়। তিনি রাজাশনে কালামের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন।
দ্বিতীয় অভিযানেও উদ্ধার করা ৫০ পিস ইয়াবার ওজন আনুমানিক ৫ গ্রাম এবং এর বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশের তথ্য অনুযায়ী, দুটি অভিযানে সর্বমোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।
ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সাভারসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।









