শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জের যুবক আশুলিয়া গ্রেফতার, বাসায় মিলল ইয়াবা ও সোলাই মদ

গোপালগঞ্জের যুবক আশুলিয়া গ্রেফতার, বাসায় মিলল ইয়াবা ও সোলাই মদ
Google পছন্দে যোগ করুন

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে মো. বদরুল হাসান দিপু (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর হেফাজত থেকে ৩০৯ পিস ইয়াবা, ৬ পিস ইয়াবা কন্ট্রোলার, সাড়ে ১১ লিটার চোলাই মদ ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৭৬০ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার দিপু গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরন এলাকার আলী আকবরের ছেলে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে আশুলিয়ার ডেন্ডাবর মধ্যপাড়া এলাকার মিজান প্লাজার দ্বিতীয় তলার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে গ্রেপ্তার দিপু কোটালীপাড়া উপজেলার হিরন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমানের বড় ভাই। মাদকসহ তাঁর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে কোটালীপাড়াজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা ও তোলপাড় সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে মশিউর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আনোয়ার হোসেন পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল ওই বাসায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দিপুকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ইয়াবা, ইয়াবা কন্ট্রোলার ও নগদ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া বাসার একটি ব্যাগে ২০টি পলিথিনের পোটলায় রাখা সাড়ে ১১ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

পুলিশের হিসাব অনুযায়ী, উদ্ধার করা ইয়াবা ও কন্ট্রোলারের আনুমানিক অবৈধ বাজারমূল্য ৯৪ হাজার ৫০০ টাকা এবং চোলাই মদের মূল্য ৬ হাজার ৯০০ টাকা। সব মিলিয়ে উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক অবৈধ বাজারমূল্য ১ লাখ ১ হাজার ৪০০ টাকা।

পুলিশ আরও জানায়, সিডিএমএস যাচাই করে দিপুর বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ২০২৪ সালে গাজীপুরের বাসন থানায় ও ২০১৯ সালে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে। এ ছাড়া ২০১৭ সালে কোটালীপাড়া থানায় দণ্ডবিধির বিভিন্ন ধারায় আরেকটি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা তিনি স্বীকার করেছেন বলে দাবি পুলিশের।

আশুলিয়া থানার এসআই মোহাম্মদ আনোয়ার হোসেন পিপিএম জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।

Link Copied