কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় ওয়ান শুটার গান ও ছয় রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।
বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা মধুঘোনা এলাকায় এই অভিযান চালানো হয়।
এসআরবি-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে পূর্ব মরিচ্যা মধুঘোনা এলাকার একটি বাড়ির পেছনের বাঁশঝাড়ে তল্লাশি চালানো হয়। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি দুটি ওয়ান শুটার গান এবং ছয় রাউন্ড রাইফেলের তাজা গুলি উদ্ধার করা হয়। তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ইতিমধ্যে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।