সাভার ও ধামরাইয়ে পৃথক অভিযান চালিয়ে ১০ বোতল ফেয়ারডিল ও ২০ পুরিয়া হেরোইনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত একটি পুরোনো ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর ) ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে পৃথক দুটি স্থানে এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একাধিক দল অভিযানে অংশ নেয়।
প্রথম অভিযানটি পরিচালিত হয় শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে ধামরাই থানাধীন তেতুলিয়া এলাকায়। এ সময় ২০ পুরিয়া হেরোইনসহ মোঃ আজিজুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন ডিবি পুলিশের এসআই (নিঃ) মনির হোসেন ও তাঁর সঙ্গীয় ফোর্স।
গ্রেপ্তার আজিজুল ইসলাম ধামরাইয়ের তেতুলিয়া দক্ষিণপাড়া এলাকার মৃত আব্দুল গণি ও মৃত সুফিয়া বেগমের ছেলে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর কাছ থেকে উদ্ধার করা ২০ পুরিয়া হেরোইনের মোট ওজন ২ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ২০ হাজার টাকা।
অন্যদিকে, একই দিন রাত ৮টা ৩০ মিনিটে সাভার মডেল থানাধীন জোড়পুল এলাকায় পৃথক অভিযান চালানো হয়। ডিবি পুলিশের এসআই (নিঃ) আরিফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ১০ বোতল ফেয়ারডিলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আলমগীর শরিফ (৩৮) ও সুমন শেখ (২৮)। পুলিশের তথ্যমতে, তাঁদের কাছ থেকে উদ্ধার করা ১০ বোতল ফেয়ারডিলের আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা। এ সময় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও পরিবহনের কাজে ব্যবহৃত একটি পুরোনো ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার আলমগীর শরিফের স্থায়ী ঠিকানা পটুয়াখালীর গলাচিপা থানার চর বাংলা এলাকায়। তিনি বর্তমানে ঢাকার মিরপুর মডেল থানাধীন মনিপুর কাঠালতলা এলাকায় বসবাস করতেন। অপর গ্রেপ্তার সুমন শেখের বাড়ি মাগুরার মহম্মদপুর থানার বলরামপুর এলাকায়। তিনি বর্তমানে ঢাকার মিরপুর মডেল থানাধীন সাততারা মসজিদ এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
ডিবি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এর মধ্যে আজিজুল ইসলামের বিরুদ্ধে দুটি, আলমগীর শরিফের বিরুদ্ধে একটি এবং সুমন শেখের বিরুদ্ধে দুটি মাদক মামলা থাকার তথ্য জানিয়েছে পুলিশ।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকদ্রব্যের বিস্তার ও মাদক ব্যবসা নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে গোয়েন্দা নজরদারি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হচ্ছে।









