বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

চলমান নৈরাজ্যের বিরুদ্ধে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি-প্রোভিসির শক্ত অবস্থান

চলমান নৈরাজ্যের বিরুদ্ধে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি-প্রোভিসির শক্ত অবস্থান
Google পছন্দে যোগ করুন

রিপোর্ট গোলাম কিবরিয়া খুলনা

খুলনা বিশ্ববিদ্যালয়ে চলমান অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। বুধবার (১৮ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে আয়োজিত এক মানববন্ধনে দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্টদের কঠোর ও বলিষ্ঠ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে আত্মত্যাগের মাধ্যমে দেশের মানুষ এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে। সেই স্বপ্নের বাস্তবায়ন যখন এগিয়ে চলেছে, ঠিক তখনই একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে দেশে নতুন করে নৈরাজ্য ও অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা করছে।

তারা আরও বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই পরিবর্তনকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। যারা অরাজকতা সৃষ্টির মাধ্যমে ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ও কার্যকর ব্যবস্থা নিতে হবে। দেশের গণতান্ত্রিক ধারা ও স্থিতিশীলতা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রেজাউল করিম এবং উপ-উপাচার্য প্রফেসর ড. হারুনর রশিদ খান। তারা বর্তমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতিটি সদস্যকে ঐক্যবদ্ধ থাকার ওপর জোর দেন এবং যেকোনো মূল্যে নৈরাজ্যের অপচেষ্টা প্রতিহত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উপাচার্য প্রফেসর ড. রেজাউল করিম হুঁশিয়ারি উচ্চারণ করে জানান, দেশে বা ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত বন্ধ না হলে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আরও কঠোর আন্দোলন ও কর্মসূচি ঘোষণা করা হবে। উপ-উপাচার্য প্রফেসর ড. হারুনর রশিদ খানও যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন।

মানববন্ধন চলাকালে অংশগ্রহণকারীরা বিগত ফ্যাসিস্ট সরকারের নানা অপকর্মের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Link Copied