পানছড়িতে জনকল্যাণে সেনাবাহিনীর উদ্যোগে ২০ জনকে পশু-পাখি পালন প্রশিক্ষণ ও সহায়তা প্রদান
মোঃ হেলাল উদ্দিন প্রতিনিধি
পাহাড়ি জনপদে শান্তি, সম্প্রীতি ও আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি স্থানীয় মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী।এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ির পানছড়ি সাবজোনে দুই দিনব্যাপী গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
১৮ নভেম্বর ২০২৬ তারিখ বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে এবং খাগড়াছড়ি জোনের বাস্তবায়নে এ প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়। এতে ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের অংশ হিসেবে অংশগ্রহণকারীদের একটি সফল উদ্যোক্তার খামার পরিদর্শন করানো হয়। সেখানে হাঁস-মুরগির রোগ প্রতিরোধে টিকা প্রয়োগের নিয়ম, গবাদিপশু ও পাখির সঠিক পরিচর্যা এবং খামার পরিচালনার বিভিন্ন ব্যবহারিক দিক সম্পর্কে হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে দুটি ছাগল, ২০টি মোরগ, গবাদিপশু ও গৃহপালিত পাখির জন্য প্রয়োজনীয় ওষুধ এবং নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
এ সময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কবির আহম্মদ। পানছড়ি সাবজোনের ক্যাপ্টেন তাইয়েব বিন মসলেম উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ করেন।
পাহাড়ি এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে প্রশিক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান সেনাবাহিনীর জনকল্যাণমূলক কার্যক্রমের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। এ ধরনের উদ্যোগ পাহাড়ে সম্প্রীতি, পারস্পরিক আস্থা ও উন্নয়নের পথকে আরও সুদৃঢ় করবে বলে স্থানীয়রা মনে করছেন।









