চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর বিশেষ অভিযানে ভারতীয় নেশাজাতীয় ২৬ হাজার ৪০০ টাকা মূল্যের ‘চকো ডিএক্স’ ও ‘এস্কাফ’ সিরাপ জব্দ করা হয়েছে।
গত ১৩ নভেম্বর ২০২৬ তারিখ আনুমানিক রাত ১০টা ১০ মিনিটে মনাকষা বিওপির একটি বিশেষ টহল দল গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামে অভিযান চালায় বিজিবির টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ২৭ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘চকো ডিএক্স’ এবং ৩৯ বোতল ‘এস্কাফ’ সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য ২৬ হাজার ৪০০ টাকা।
উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সীমান্ত এলাকায় সর্বদা নিয়োজিত রয়েছে।"
তিনি আরও বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধসহ যেকোনো মাদক এবং অবৈধ চোরাচালান দমনে বিজিবি সবসময় তৎপরতার সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।









