বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বগুড়ায় বিশ্ব মান দিবস পালিত, পণ্যের মানের পাশাপাশি সততা ও নৈতিকতার ওপর গুরুত্বারোপ

মো. মহিউদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:১০ pm
১৩
বগুড়ায় বিশ্ব মান দিবস পালিত, পণ্যের মানের পাশাপাশি সততা ও নৈতিকতার ওপর গুরুত্বারোপ

বগুড়া প্রতিনিধি :

বগুড়ায় ৫৭তম বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) উদ্যোগে এবং জেলা প্রশাসন, বগুড়ার সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষ করতোয়ায় এ সভা অনুষ্ঠিত হয়।

এ বছরের বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য ছিল অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশার অনুপস্থিতিতে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।

বক্তব্যে এম আর ইসলাম স্বাধীন বলেন, কেবল পণ্যের মান নিয়ন্ত্রণ করলেই চলবে না, আমাদের নিজেদের কাজের মান, সততা ও নৈতিকতার মানও নিয়ন্ত্রণ করতে হবে। তাহলেই এগিয়ে যাবে বাংলাদেশ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এম এস এম আতিকুর রহমান বাদল, বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির এবং বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান।

এ কে এম আহসানুল তৈয়ব জাকির বলেন, ভেজাল প্রতিরোধে সম্মিলিত সামাজিক সচেতনতা প্রয়োজন। সবার সমন্বিত উদ্যোগই পারে একটি নিরাপদ খাদ্যের বাংলাদেশ উপহার দিতে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএসটিআই, বগুড়ার উপপরিচালক ও অফিসপ্রধান মো. জহুরুল হক। প্রতিপাদ্য বিষয়ের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জ্বালানি উৎপাদন করাই যথেষ্ট নয়, সেই জ্বালানির প্রতিটি ইউনিটের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাও জাতীয় দায়িত্ব।

সভায় সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। তিনি বলেন, মান বিষয়ে প্রান্তিক পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোর জন্য সবাইকে অংশগ্রহণ করতে হবে।

আলোচনা সভায় পণ্য ও সেবার মান নিশ্চিত করা, ভেজাল প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানির সর্বোত্তম ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!