মাদারগঞ্জ (জামালপুর)প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে ইটভাটার কাজ করার সময় কাদা মেশানোর ‘অটো মোল্ডিং’ মেশিনের চাপায় পিষ্ট হয়ে লিয়াকত আলী (৫৫) নামে স্থানীয় এক বিএনপি নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) সকালে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের দক্ষিণ ঘুঘুমারী এলাকার ‘ভাই ভাই ব্রিকস’-এ এই দুর্ঘটনা ঘটে।
নিহত লিয়াকত আলী উপজেলার গুনারীতলা ইউনিয়নের উত্তর জোরখালী এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি গুনারীতলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান কমিটির সদস্য ছিলেন। এছাড়া তিনি ওই ইটভাটার স্বত্বাধিকারী নজরুল ইসলামের আপন ভাগনে এবং দীর্ঘদিন ধরে ভাটার রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত ছিলেন।
স্থানীয় ও ইটভাটা সূত্রে জানা যায়, আজ রবিবার সকালে চলতি বছরের কাজের জন্য ইটভাটাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। দুপুরে কাজ করার সময় কাদা মেশানো অটো মোল্ডিং মেশিনটি পেছানোর (রিভার্স) সময় অসাবধানতাবশত লিয়াকত আলী মেশিনের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর পরই স্থানীয় লোকজন ও অন্যান্য শ্রমিকেরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. তরিকুল ইসলাম রনি জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। জরুরি বিভাগে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চাচার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে নিহতের ভাতিজা খাদেমুল ইসলাম বলেন, "তিনি অত্যন্ত ভালো মনের একজন মানুষ ছিলেন। আমরা তাঁর এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছি না।"
ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন। তিনি বলেন, "লিয়াকত আলী আমাদের দলের একজন অত্যন্ত সক্রিয় ও নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। তাঁর এই অকাল ও মর্মান্তিক মৃত্যুতে উপজেলা বিএনপি গভীর শোকাহত।"
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, "দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর পরই নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"