হোয়াইক্যংয়ে সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৫
সাদ্দাম হোসেন সাজ্জাদ :
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে এনায়েত উল্লাহ (২৭) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিতে থাকা আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন স্থানীয় কলেজের শিক্ষক রয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) সকালে টেকনাফ-কক্সবাজার মহাসড়কের হোয়াইক্যংয়ের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এনায়েত উল্লাহ রামু উপজেলার চেইন্দা খন্দকারপাড়া এলাকার কেফায়েত উল্লাহর ছেলে। আহতদের মধ্যে হ্নীলা মাইনুদ্দিন মেমোরিয়াল কলেজের শিক্ষক হেলাল উদ্দিন (৩০) রয়েছেন। বাকি চারজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় বাসিন্দা রেজাউল করিম জানান, সকালে কক্সবাজারগামী একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালক এনায়েত উল্লাহ নিহত হন এবং অটোরিকশায় থাকা পাঁচ যাত্রী আহত হন। আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
হোয়াইক্যং হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সজীব বলেন, কেরুনতলী এলাকায় সিএনজি ও পিকআপের সংঘর্ষে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজির আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। পিকআপচালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।