ঢাকা জেলার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মাহিম ইসলাম (১৮) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। শুক্রবার (৯ অক্টোবর ) বিকেল সাড়ে ৫টার দিকে সাভার মডেল থানাধীন পোড়াবাড়ী বেদেপল্লী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার মাহিম ইসলামের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার মোট ওজন প্রায় ৩ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ৯ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) একটি দল সাভারের পোড়াবাড়ী বেদেপল্লী এলাকায় অভিযান চালায়।
ডিবি-উত্তরের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেন উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল মুত্তালিবসহ পুলিশের অন্যান্য সদস্যরা। অভিযানের একপর্যায়ে ওই এলাকা থেকে মাহিম ইসলামকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।
পুলিশের দেওয়া তথ্যমতে, গ্রেপ্তার মাহিম ইসলাম সাভার মডেল থানাধীন পোড়াবাড়ী বেদেপল্লী এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম রনজিৎ ইসলাম এবং মায়ের নাম মহুয়া বেগম।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।