মাল্টিমিডিয়া রিপোর্টার
বগুড়ার শাজাহানপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবন ও জনশান্তি বিঘ্নকারী কার্যকলাপের দায়ে মো. সুমন হোসেন (২৮) নামে এক যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৪ অক্টোবর) উপজেলার মাদলা ইউনিয়নে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত সুমন হোসেন উপজেলার মাদলা ইউনিয়নের সুজাবাদ গ্রামের মো. ইয়াছিন আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য সেবন করে জনসাধারণের শান্তি বিঘ্নকারী কার্যকলাপে জড়িত থাকার বিষয়টি স্বীকার করায় তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপে জড়িত হবেন না মর্মে তিনি মুচলেকা দেন।
মোবাইল কোর্ট পরিচালনা করেন শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি। প্রসিকিউশন প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া ‘ক’ অঞ্চলের পরিদর্শক মো. আসলাম আলী মণ্ডল।
জনশৃঙ্খলা রক্ষা ও মাদকদ্রব্যের অপব্যবহার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।